কুমিল্লা প্রতিনিধি, ০১ এপ্রিল ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনাগুলো ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দাউদকান্দি, চান্দিনা, নিমসা ও চৌদ্দগ্রাম এলাকায় ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দাউদকান্দি বারোপাড়া এলাকায় অজ্ঞাতনামা একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে আব্দুল বারেক (৫৩) এবং মোস্তফা (৫২) নিহত হন। তারা কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরকারপুর গ্রামের বাসিন্দা।
এছাড়া ঢাকাগামী লেনে বুড়িচং নিমসার বাজার সংলগ্ন ইউটানে তিন জন নিহত হয়েছেন—জহিরুল ইসলাম (২৭) লালপুর, বেগমগঞ্জ; সোহেল রানা (৩৫) কেশবপুর, মেহেরপুর সদর; এবং বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাইম।
চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসচাপায় আরও একজন নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
দাউদকান্দি আমিরাবাদ হাইওয়ে পুলিশের ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানিয়েছেন, অজ্ঞাত একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে দুই জনের মৃত্যু হয়। ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মমিন জানান, বুড়িচং নিমসার এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জন মারা গেছেন।