সাবিনা শোলে চীনা কোস্ট গার্ডের আক্রমণে ৩ জেলে আহত, ২টি নৌকা মারাত্মক ক্ষতিগ্রস্ত
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত সাবিনা শোল এলাকায় ফিলিপিনো জেলেদের ওপর চীনা কোস্ট গার্ডের জলকামান হামলায় তিনজন জেলে আহত হয়েছেন। এতে দুটি মাছ ধরার নৌকা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিপাইনের কোস্ট গার্ড।
ম্যানিলা, ১৩ ডিসেম্বর (রয়টার্স) — ফিলিপাইনের কোস্ট গার্ড শনিবার জানিয়েছে, শুক্রবার দক্ষিণ চীন সাগরের সাবিনা শোল এলাকায় অবস্থান করা প্রায় দুই ডজন ফিলিপিনো মাছ ধরার নৌকাকে লক্ষ্য করে চীনা কোস্ট গার্ড জলকামান নিক্ষেপ করে এবং নৌযানগুলোর গতিরোধ করে।
কোস্ট গার্ডের বিবৃতিতে বলা হয়, একটি ছোট চীনা কোস্ট গার্ড নৌকা কয়েকটি ফিলিপিনো নৌকার নোঙরের দড়ি কেটে দেয়, যার ফলে জেলেদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।
হামলার সময় তিনজন ফিলিপিনো জেলে আহত হন এবং দুটি মাছ ধরার নৌকা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় এখনো চীনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের বিভিন্ন এলাকা নিয়ে দীর্ঘদিন ধরেই চীন ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিরোধ চলমান। সাবিনা শোল এই বিতর্কিত এলাকার অন্যতম একটি অংশ, যেখানে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে।