আজ বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিলনায়তনে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, নগর ব্যবস্থাপনায় দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ও সমন্বয়হীনতার সংকট দূরীকরণে সিটি কর্পোরেশনগুলোকে স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ কার্যকর সংস্থায় পরিণত করা সময়ের দাবি। এর মাধ্যমে রাজউক, ওয়াসা, বিদ্যুৎ, ট্রাফিক পুলিশসহ নগর উন্নয়নে নিয়োজিত সকল সংস্থাকে একটি একক সমন্বিত আইনি কাঠামোর আওতায় নিয়ে আসা সম্ভব হবে।
তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এ বিষয়ে সদিচ্ছা রয়েছে এবং তিনি সংশ্লিষ্ট সকল অংশীজনকে সাথে নিয়ে একটি দূরদর্শী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে দুটি ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ (Waste-to-Energy) প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সচেতনতা ও উন্নত নাগরিক বোধ তৈরির লক্ষ্যে আগামী বছরের প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে নৈতিকতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আমিনুল হক বলেন, নগরের বর্জ্য ব্যবস্থাপনার মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল সরকারের একক প্রচেষ্টাই যথেষ্ট নয়, বরং আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যক্তি ও পারিবারিক পর্যায় থেকে ছোট ছোট উদ্যোগ গ্রহণের মাধ্যমে এটিকে একটি শক্তিশালী সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মোঃ সাইমুম পারভেজ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ, বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি) সভাপতি মাহমুদ হাসান খান, স্থানীয় সরকার বিভাগের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শক মোঃ শাহীন আহমেদ খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।