বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলার মানুষের অধিকার আদায়ের জন্যে যেকোন কঠিন থেকে কঠিনতর পথ অবলম্বন করতে আমরা কুণ্ঠিত হবো না ইনশাআল্লাহ। সংগ্রামী দেশবাসী আমরা সারা দেশের মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, কাছে কাছে যাচ্ছি আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য নয়। আমরা এদেশের মানুষের সম্মান এবং গৌরব রক্ষা করার জন্য দাবি নিয়ে আমরা ঘুরছি।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই দিনে তাঁরা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে গণভোটে হ্যাঁ ব্যালটে ভোট দিয়েছিল। গণভোটে হ্যাঁ এবং অভূতপূর্ব এবং অনেক বড় ব্যবধানে ৭০% ভোট পেয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। আমরা লক্ষ্য করি বাংলাদেশের স্বাধীনতার পর দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ দুই দলীয় শাসন ব্যবস্থার যাতাকলে নিষ্পেষিত হয়ে আসছে।
তিনি আরও বলেন,পর্যায়ক্রমে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতার মসনদকে কুক্ষিগত করে বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন এবং বৈষম্যের স্টিমরোলার পরিচালনা করেছিল। এদেশের মানুষের উপর গুম, খুন, হত্যাকাণ্ডসহ গোটা দেশের মানুষের জীবনে নাভিশ্বাস তুলে ফেলেছিল। বাংলাদেশের মানুষকে বোকারাম সাজিয়ে শেখ হাসিনা গণতন্ত্রকে নতুনভাবে এদেশের মানুষের সামনে সংগঠিত করবার অপচেষ্টা চালিয়েছিল।
শনিবার (২৭ জুন) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১১ দলীয় ঐক্যের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।