বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, এদেশের মানুষেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে ২০১৩ সালে শাপলা চত্বরে, রক্ত দিয়েছে আল্লামা সাঈদীকে মিথ্যা মামলায় ফাঁসির রায় দেয়াতে। রক্ত দিয়েছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে। রক্তের সাগর পেরিয়ে ৩৬ শে জুলাই ২০২৪ সালের ৫ আগস্ট বাংলার মানুষ নতুন করে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে।
বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ দ্বিতীয় গণতন্ত্র গঠন করবার জন্য ২০২৪ সালের জুলাই বিপ্লবীদের নেতৃত্বে আন্দোলন করলো। জুলাই বিপ্লবীরা ঘোষণা করলো ১৯৪৭, ১৯৭১ আর ২০২৪ এর আন্দোলনের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। বাংলাদেশের মানুষ চেয়েছিল তাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ চেয়েছিল বৈষম্যের বিলোপ হবে। বাংলাদেশের মানুষ চেয়েছিল ফ্যাসিবাদ চিরতরে বিতাড়িত হবে এবং ফ্যাসিবাদের দুয়ার বন্ধ হয়ে যাবে। ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করার জন্য বৈষম্যবিরোধী করার জন্য জাতীয় ঐকমত্য কমিশনে নয় মাস পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দল মিলেমিশে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য প্রস্তাবনা তৈরি করল। সনদ প্রণীত হলো, জুলাই সনদ নামে সেটি স্বাক্ষরিত হলো। যেই জুলাই সনদের মাধ্যমে একক প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য এনে কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে।
তিনি বলেন, বিচারবিভাগ সংক্রান্ত ক্ষমতাগুলো প্রধান বিচারপতির হাতে আর বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনকে দলীয়করণের অভিশাপ থেকে মুক্ত করার জন্য নিয়োগ কমিটির নামে আরো কিছু ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে একটি বৈষম্যহীন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়বার স্বপ্ন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশের আপামর জনতা দীর্ঘদিন পর্যন্ত সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, ঐকমত্যে তারা এসে উপনীত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে যখন সেই জুলাই সনদ স্বাক্ষরিত হবে এবং ঐকমত্যের ভিত্তিতে আগামীর সুন্দর বাংলাদেশের জন্য নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত গড়ে উঠবে, সংবিধান সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে বাংলার মানুষ যাত্রা করবে ঠিক সেই সময় বিএনপির অন্তর্র্বতীকালীন সরকারে ঘাপটি মেরে বসে থাকা কিছু চাটুকার আর গোলামের সঙ্গে রাতের অন্ধকারে চুক্তি করে অন্তহীন প্রতারণার মাধ্যমে জুলাই সনদকে কলঙ্কিত করে দিয়েছে।
তিনি আরও বলেন, আমরা বলতে চাই তোমরা যে প্রতারণার আশ্রয় নিয়েছো ৩২টি রাজনৈতিক দলকে অন্ধকারে রেখে বিএনপি এবং অন্তর্র্বতীকালীন সরকারের কিছু লোক যোগসাজশ করে তারা নোট অফ ডিসেন্টের ভিত্তিতে আগামীতে ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার যেই চোরাই পথ তোমরা আবিষ্কার করেছ আমি বিএনপিকে বলতে চাই, তোমাদের কল্যাণকামী হিসেবে বলতে চাই এই চোরাই পথ দিয়ে যদি তোমরা বাংলাদেশের মানুষের সংস্কারের অভিপ্রায়কে পায়ে দলবার চেষ্টা করো এটা হবে তোমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।