ঢাকা — ৩১ মার্চ ২০২৬
ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে অব্যাহতভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। নিরাপত্তার আশঙ্কায় তিনি মঙ্গলবার ডেমরা থানায় অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত দুই দশক ধরে দেশের যাত্রী নিরাপত্তা ও ভোগান্তি লাঘবে মো. মোজাম্মেল হক চৌধুরী মানুষের অধিকার রক্ষা ও পরিবহন সমস্যা নিয়ে কাজ করে আসছেন।
সংস্থার অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পরিবহন মাফিয়ারদের চাপের কারণে তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রী তাকে একাধিক মামলা দিয়ে জেলে পাঠিয়েছিলেন। নতুন সরকারের সময়ে সমিতির ধারাবাহিক কাজের অংশ হিসেবে ঈদুল ফিতরে বাড়তি ভাড়া এবং ঈদের পর সড়ক দুর্ঘটনা সংক্রান্ত দুটি প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের পক্ষ থেকে মহাসচিবকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।
গত সোমবার সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে স্থানীয় এলাকায় কিছু সন্দেহজনক ব্যক্তি তার অফিস, বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে ঘুরাফেরা করছেন। তারা বিভিন্ন লোকের কাছে তার ও পরিবারের অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।
এই পরিস্থিতিতে নিরাপত্তার জন্য তিনি ডেমরা থানায় জিডি করেছেন। এছাড়া এক অনলাইন ভিডিও বার্তায় তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।