সম্ভাব্য জনসভা ঘিরে হাওরাঞ্চলের রাজনীতিতে নতুন উত্তাপ, সুনামগঞ্জ থেকেই শুরু হতে পারে নির্বাচনি প্রচারণা
সুনামগঞ্জ | ০৫ জানুয়ারি ২০২৬
দীর্ঘ প্রায় দুই দশক পর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে হাওরাঞ্চলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও আলোচনা শুরু হয়েছে।
দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি সুনামগঞ্জ জেলা সদরে একটি জনসভায় বক্তব্য দিতে পারেন তারেক রহমান। যদিও সফরের চূড়ান্ত কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে প্রস্তুতি অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্রগুলোর দাবি, সবকিছু অনুকূলে থাকলে সুনামগঞ্জ থেকেই তারেক রহমানের নির্বাচনি প্রচারণা শুরু হতে পারে, যা জেলার রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেন। সে সময় তিনি শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এক জনসভায় বক্তব্য দেন। পাশাপাশি নৌপথে টেকেরঘাট ও জামালগঞ্জেও পৃথক সমাবেশে অংশ নেন। এরপর দীর্ঘ সময় ধরে হাওরাঞ্চলের মানুষের সঙ্গে সরাসরি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি বিএনপির এই শীর্ষ নেতা।
দীর্ঘ বিরতির পর তার সম্ভাব্য আগমনের খবরে সুনামগঞ্জ জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জেলা সদরের পাশাপাশি শান্তিগঞ্জ, পাগলা ও আশপাশের এলাকাতেও পথসভা কিংবা জনসভার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক বলেন,
“তারেক রহমান তিন দশকেরও বেশি সময় ধরে হাওরাঞ্চলের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার আগমন প্রায় চূড়ান্ত। ২২ অথবা ২৩ জানুয়ারি তিনি সুনামগঞ্জে জনসভায় বক্তব্য দিতে পারেন।”
তিনি জানান, জেলা বিএনপির পক্ষ থেকে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সুনামগঞ্জ সদর আসনের বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নুরুলসহ স্থানীয় নেতৃত্ব সফর সফল করতে সাংগঠনিকভাবে কাজ শুরু করেছেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তারেক রহমান সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনেও একটি জনসভায় যোগ দিতে পারেন—এমন আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট আসনের প্রার্থীর শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় রেখে দলীয়ভাবে এমন পরিকল্পনা হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন,
“সিলেটে মাজার জিয়ারতের পর সুনামগঞ্জেও জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি।”
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ জানান, ২২ জানুয়ারি সফরের সম্ভাবনা থাকলেও চূড়ান্ত কর্মসূচি এখনও ঘোষণা করা হয়নি।
অন্যদিকে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন,
“তারেক রহমানের সফর বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য আমাদের কাছে পৌঁছায়নি।”