প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাত বছর বয়সী স্কুলছাত্র তামীম হোসেন হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত–এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
মামলার অপর আসামি মান্নান আকন্দকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মো. শরিফুল হায়দার (রফিক সরকার) জানান, নিহত তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরদিন ১১ ফেব্রুয়ারি সকালে স্থানীয় এক প্রতিবেশীর মাধ্যমে জানা যায়, নরসিংহপাড়া গ্রামের বাবুল আকতারের সরিষা ক্ষেতে তামীমের মরদেহ পড়ে আছে। তার গলায় রশি পেঁচানো ছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের পিতা সোলেমান ফকির বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত চলাকালে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে হত্যার কথা স্বীকার করে।
তদন্ত শেষে পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ উপস্থাপনের পর আদালত তিনজনকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে দুই বছরের কারাদণ্ড দেন।
নিহত তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সোলেমান ফকিরের ছেলে।