১৯ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র রমজান মাসে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলে ইফতারসামগ্রী বহন ও খাবার গ্রহণে বিধিনিষেধ জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, ইফতারের সময় মেট্রোরেলের ভেতরে কোনো খাবার খাওয়া যাবে না; কেবল ২৫০ মিলিলিটার পানি বহন করা যাবে।
গত ১৬ ফেব্রুয়ারি রমজান মাসে মেট্রোরেলের নতুন সময়সূচি ও নির্দেশনা জারি করেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম। নির্দেশনায় উল্লেখ করা হয়, ইফতারের সময় যাত্রীরা মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন।
কর্তৃপক্ষ জানায়, পানি পান করার সময় সতর্ক থাকতে হবে যাতে পানি না পড়ে। ব্যবহৃত বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির গেটে রাখা নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।
উল্লেখ্য, আগের বছরগুলোতেও রমজানে একই নিয়মে মেট্রোরেল পরিচালিত হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। রমজান মাসের অফিস সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে এই সময়সূচি বহাল থাকবে।
সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
এছাড়া বিভিন্ন সময়ে ট্রেনের হেডওয়েতে পরিবর্তন আনা হয়েছে, যাতে রমজানের অফিস সময়ের সঙ্গে যাত্রীচাহিদা সমন্বয় করা যায়।