ঢাকা | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
কয়েকদিনের নীরবতার পর রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আবার সরগরম হয়ে উঠেছে। সোমবার সকালে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে এলে নেতা-কর্মী-সমর্থকদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় দপ্তরটি।
সকাল ১১টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের কার্যালয়ে পৌঁছালে প্রধান ফটকে ফুল দিয়ে তাকে স্বাগত জানান দলের সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পরে তিনি তিন তলায় নিজের চেম্বারে যান।
এ সময় দলের নির্বাহী কমিটির সদস্য সালেহ উদ্দিন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি তপন কুমার মজুমদারসহ কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এই প্রথম বিএনপি মহাসচিব নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর থেকে কার্যালয়টি প্রায় নেতা-কর্মীশূন্য ছিল বলে জানা গেছে।
সোমবার সকালে দেখা যায় ভিন্ন চিত্র। অফিসকর্মীরা প্রস্তুত ছিলেন, ব্রিফিং কক্ষ সাজানো হয়, নেতা-কর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
দফতরের কর্মকর্তা রেজাউল করীম বলেন, “স্যার আসবেন জেনে সকাল থেকেই প্রস্তুত ছিলাম। উনি আসায় ভালো লাগছে।” এক কর্মী জানান, গত কয়েকদিন অফিস একেবারেই ফাঁকা ছিল।
মহানগর বিএনপির কর্মী আবদুল হালিম বলেন, “মহাসচিব আসবেন শুনে সকালেই অফিসে এসেছি। আজকে এসে মনে হচ্ছে অফিস প্রাণ ফিরে পেয়েছে।”
চেম্বারে বসে মহাসচিব দফতরের সহ-সম্পাদকদের নিয়মিত অফিস করার নির্দেশ দেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, “নিয়মিত অফিস করবেন, কোনো কাজ ফেলে রাখা যাবে না। দূর-দূরান্ত থেকে আসা নেতা-কর্মীদের সহযোগিতা করতে হবে।”
প্রায় ৪৫ মিনিট অবস্থানের পর তিনি সচিবালয়ের উদ্দেশে কার্যালয় ত্যাগ করেন।