ঢাকা | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার সলিসিটর মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল।
তাজুল ইসলামের নেতৃত্বে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ এসব মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে। ঘোষিত রায়ে ২৬ জন দণ্ডিত হয়েছেন, যাদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলাসহ দুটি মামলার রায় অপেক্ষমাণ। আগামী ৪ মার্চ রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাগুলোর বিচারও ট্রাইব্যুনালে চলছে। এসব মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আওয়ামী লীগের একাধিক সাবেক এমপি ও মন্ত্রী আসামি হিসেবে বিচারের মুখোমুখি হয়েছেন।