সদর উপজেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের ঘটনায় মো. সেলিম নিহত
নোয়াখালী
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬
নোয়াখালীর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় মো. সেলিম (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ চার কিশোরকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গৌরীপুর গ্রামে। নিহত সেলিম একই গ্রামের দুধির বাপের বাড়ির মো. শাহজাহানের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
নিহতের বড় ছেলে মো. শাকিল অভিযোগ করেন, তার ছোট ভাই অন্তর (১৫) একই গ্রামের সজলের (১৭) সাথে চলাফেরা করত। দুপুরে তাদের মধ্যে ফোনে কথা কাটাকাটি হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সজল ও তার সহযোগী কিশোর গ্যাংয়ের সদস্যরা অন্তরকে বাড়ির সামনে দেখতে পেয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। শাকিল ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।
শোরগোল শুনে মৃত সেলিম মুদি দোকান থেকে বের হন। ওই সময় কিশোর গ্যাং সদস্যরা তার ওপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের সময় ভিকটিম ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তার মুখে আঘাত লেগে তিনি মাটিতে পড়ে মারা যান। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত সপ্তাহে নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে কিশোর গ্যাং নেতা নীরবের ছুরিকাঘাতে তিন-চারজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় নীরব মারা যান।