সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় অংকের মুনাফা অর্জনের লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদপত্র তুলে দেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক দিকনির্দেশনা, সততা ও সুদূরপ্রসারী চিন্তার কারণেই দেশের বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষকে বঞ্চিত না করে এবং এক টাকাও খরচ না করেই এই ফিফা বিশ্বকাপ সম্প্রচার সফল করা সম্ভব হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সরকারের কৃচ্ছ্রতাসাধন নীতির মধ্যেও যেন ফুটবলপ্রেমী সাধারণ মানুষ খেলা দেখার আনন্দ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা ছিল।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি বিকল্প কাঠামো তৈরি করার ফলেই এই ঐতিহাসিক সাফল্য এসেছে বলে জানান তিনি। সফলভাবে এই সম্প্রচার কার্যক্রম শেষ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। একই সাথে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, বিটিভির মহাপরিচালক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ (বাফুফে) সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান ইতিবাচক পরিবেশ প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, গত কয়েক মাসে সাবেক তারকা খেলোয়াড় ও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়াঙ্গনে এক অভূতপূর্ব উদ্দীপনা তৈরি হয়েছে। যুবসমাজকে সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে যুক্ত করতে পারলে একদিকে যেমন মাদকমুক্ত সমাজ ও সুস্থ মনোজগৎ গঠন সম্ভব হবে, অন্যদিকে ভবিষ্যতের জন্য দক্ষ জনবলও তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বর্তমান সরকার খেলাধুলাকে কেবল সাধারণ বিনোদন হিসেবে দেখছে না, বরং এটিকে একটি সম্মানজনক পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আগামী দিনের ভবিষ্যৎ সম্প্রচার পরিকল্পনা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘এবার আমরা শূন্য ব্যয়ে খেলা সম্প্রচার করার চ্যালেঞ্জে সফলভাবে জয়ী হয়েছি। তবে আগামী বিশ্বকাপে আমাদের লক্ষ্য শুধু বিনা খরচে খেলা দেখানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিজ্ঞাপনের বিশাল বাজার থেকে বড় ধরনের অর্থ উপার্জন করে একে দেশের জন্য একটি লাভজনক ইভেন্টে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।’