ইয়েমেনের হুথিদের ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদি আরবের জিজানে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর শোধনাগারে লাগা আগুন টানা তিন দিন ধরে জ্বলছে। ঘটনাস্থল থেকে এখনও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উড়তে দেখা যাচ্ছে।
গত ২৫ জুলাই হুথিরা সৌদি আরবের জিজান এবং ইয়ানবু এলাকার আরামকো তেল স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায়। এরপর থেকেই তেল শোধনাগারটির আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে সৌদি কর্তৃপক্ষ।
এদিকে এই দীর্ঘস্থায়ী আগুন ও সৌদি কর্তৃপক্ষের তৎপরতা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন শীর্ষস্থানীয় হুথি নেতা হাজাম আল-আসাদ। উপহাসের সুরে তিনি প্রশ্ন রেখে বলেছেন, “এটা কি সম্ভব যে সৌদি আরব তার সমস্ত অর্থনৈতিক শক্তি, সরঞ্জাম এবং আঞ্চলিক মিত্রতা থাকা সত্ত্বেও ৩ দিন ধরে জিজানের আরামকোর আগুন নেভাতে পারেনি?”
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, আরামকোর মতো অত্যন্ত সুরক্ষিত তেল স্থাপনায় টানা তিন দিন ধরে আগুন জ্বলে থাকা সৌদি আরবের জ্বালানি নিরাপত্তার বড় ধরনের দুর্বলতা প্রকাশ করেছে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজারেও।