ঢাকা | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
হবিগঞ্জে সিলিকা বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তিন মাসের মধ্যে আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
রুল জারি
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-র করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার রুল জারি করেন।
রুলে জানতে চাওয়া হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ২০১৩ সালের ২৭ জুনের গেজেট বিজ্ঞপ্তিতে প্রকাশিত হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট ও বাহুবল উপজেলার সিলিকা বালু খনি থেকে অবৈধ, অননুমোদিত ও নির্বিচার বালু উত্তোলন প্রতিরোধে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না।
অবৈধ উত্তোলন বন্ধের নির্দেশ
আদালত মাধবপুর, চুনারুঘাট ও বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সংশ্লিষ্ট খনি থেকে অবৈধ ও অননুমোদিত সিলিকা বালু উত্তোলন বন্ধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
বেলা জানায়, ২০১৩ সালের ২৩ জুন প্রকাশিত গেজেট নোটিফিকেশন অনুযায়ী হবিগঞ্জ জেলায় মোট ২৩টি সিলিকা বালুমহাল রয়েছে, যার অধিকাংশই চা বাগানের ভেতরে অবস্থিত।