মোস্তাকুর রহমানের নিয়োগ নিয়ে সমালোচনা; যোগ্য ও বিতর্কমুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবি
ঢাকা | ০৫ মার্চ ২০২৬
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগ বাতিল করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, একজন বিতর্কিত ব্যবসায়ীকে দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান করা হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
‘সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানের নিয়োগ নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, “দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি ব্যবসায়ী এবং তাকে ঘিরে বিতর্ক রয়েছে। তাই সরকারকে এই নিয়োগ পুনর্বিবেচনা করে যোগ্য, দক্ষ ও বিতর্কমুক্ত একজন ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, দেশে নতুন সরকার দায়িত্ব নিয়েছে এবং তারা কিছু নতুন উদ্যোগও গ্রহণ করেছে। এসব উদ্যোগ সম্পর্কে এখনই মন্তব্য করা ঠিক হবে না বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে সদ্য বিদায়ী দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানের পদত্যাগ প্রসঙ্গেও কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি জানান, জুলাই সনদে দুদক গঠন ও এর কার্যাবলি নির্ধারণ করা আছে। সে অনুযায়ী সরকার একটি নিরপেক্ষ ব্যক্তিকে দুদকের চেয়ারম্যানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে এ সময় টিআইবির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং পরিচালক (গবেষণা) মো. বদিউজ্জামানসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।