সারজিস আলম
ঢাকা | ১৬ মার্চ ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মনে করছেন, জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ করা হয়েছে, যা স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ। রোববার রাতে তিনি এ মন্তব্য করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে।
সারজিস আলম লিখেছেন, অন্তর্বর্তী সরকার কেবল একটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল। তাতেই বিএনপির মতে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। আজকে দেশের ৪২টি জেলা পরিষদে সরকারদলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ করা হয়েছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক।
https://www.facebook.com/sarjis.nirob/posts/4366860063595443?ref=embed_post
তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের অধীনে অবিলম্বে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে। দলীয় লোকজনকে প্রশাসক বানিয়ে সুবিধাভোগী তৈরি করা এবং ক্ষমতার অপব্যবহার করে লাভ তোলা বন্ধ করতে হবে। সারজিসের মতে, এই রাজনৈতিক নীলনকশা স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ।
এনসিপি নেতা সতর্ক করেছেন, জনাব তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে— অতীত থেকে শিক্ষা নেবেন, নাকি কতিপয় পরামর্শের প্রভাবে স্বৈরাচারের পথে হাঁটবেন। তিনি বলেছেন, “নিশ্চয়ই অতিচালাকের গলায় দড়ি!”