৯ জুন (মঙ্গলবার) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক বৈঠকে বাংলাদেশের সীমান্তে ভারত কর্তৃক পুশ-ইন, সীমান্ত হত্যা, দেশের আইন-শঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উপর উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় অবিলম্বে পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একই সাথে সীমান্তে নিরাপত্তা জোরদার করা এবং নতজানু পররাষ্ট্র নীতি পরিহার করে সমমর্যাদার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম দেশের উপযোগী পররাষ্ট্র নীতি গ্রহণ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংরক্ষণ বিশেষ করে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা রক্ষার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।
সভায় উপরোক্ত দাবিতে গৃহীত কর্মসূচি ঘোষণার লক্ষ্যে আগামীকাল ১০ জুন দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।