জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আজ সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো রাজনৈতিক বাস্তবতা নেই। পৃথিবীর কোনো দেশও তাকে গ্রহণ করতে আগ্রহী হয়নি।
তিনি বলেন, গণভবন দখলের মতো ঘটনা ইতিহাসে বিরল, যা জনগণের চূড়ান্ত অনাস্থার বহিঃপ্রকাশ। তাই বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে আর কখনোই গ্রহণ করবে না। তবে এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
তিনি বলেন, রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তন কখনোই রাতারাতি আসে না; পরিবর্তন ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশও সেই পথেই এগোচ্ছে।
ড. রিপন অভিযোগ করেন, ফ্যাসিবাদী আমলে লুটপাট ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য আপিল বিভাগকে ব্যবহার করে সেখান থেকে নির্দেশনা আনা হয়েছিল, যা ন্যায়বিচার প্রতিষ্ঠার মূলে কুঠারাঘাত। পতিত ফ্যাসিবাদের হাতে আর কখনোই রাষ্ট্রীয় ক্ষমতা বা কোনো ধরনের অস্ত্র তুলে দেওয়া যাবে না।
একই সঙ্গে তিনি বিরোধী দলীয় নেতার সমালোচনা করে বলেন, বিরোধী দলীয় নেতা নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছেন। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও বিরোধ থাকতেই পারে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।