আজ হিজবুল্লাহ লেবানন সরকারকে ইসরায়েলের সাথে চলমান সরাসরি আলোচনা অবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়েছে। ইসরায়েল কর্তৃক একটি নতুন আঞ্চলিক মানচিত্র উপস্থাপনের পর হিজবুল্লাহ এটিকে লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দিয়ে আলোচনা বন্ধের এই চাপ প্রয়োগ করছে।
গত ৪ থেকে ৬ আগস্ট ইতালির রোমে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে সপ্তম দফার সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলচনায় চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে কীভাবে স্থায়ী রূপ দেওয়া যায় এবং ইসরায়েল কর্তৃক লেবাননের সীমান্ত এলাকায় বেসামরিক ঘরবাড়ি ধ্বংস করা কীভাবে বন্ধ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। একই সাথে লেবানন সাম্প্রতিক সময়ে ইসরায়েলের আকাশসীমা লঙ্ঘন ও যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে জবাব চেয়েছে।
আলোচনায় সীমান্ত ও বন্দী বিষয়ে কিছুটা অগ্রগতি হলেও হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ ও দক্ষিণ লেবানন সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করার ইসরায়েলি দাবির মুখে আলোচনা বড় ধরনের অচলাবস্থার সম্মুখীন হয়েছে। হিজবুল্লাহ এই সরাসরি আলোচনার তীব্র বিরোধিতা করে আসছে। সব জটিলতা সত্ত্বেও আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ পরবর্তী দফার আলোচনার সম্ভাব্য তারিখ হিসেবে প্রস্তাব করা হয়েছে।