বরিশাল প্রতিনিধি | প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫
১৫০ আসন দাবি করা হয়েছে—এমন প্রশ্নকে ‘শোনা কথা’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, আসন বণ্টনের ক্ষেত্রে দল বাস্তবতা ও বিজয়ের সম্ভাবনাকেই অগ্রাধিকার দেবে।
মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “যেখানে যে দল বা প্রার্থী বেশি শক্তিশালী, সেখানে তাকেই দেওয়া হবে। পিরোজপুরে সাইদির আসন আমরা ছেড়ে দেব। যেখানে জামায়াত শক্তিশালী, সেখানেও আমরা সরে যাব।”
সমঝোতার ভিত্তিতে বরিশাল ও বাকেরগঞ্জ—এই দুই আসনে নির্বাচন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি দলের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
আসন সমঝোতা প্রসঙ্গে মুফতি ফয়জুল করিম আরও বলেন, বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দু–একদিনের মধ্যেই ঘোষণা আসতে পারে। তিনি বলেন, “আমি একটি দলের আমীর। আমীরের নিজ এলাকার আসন কার হবে—এ নিয়ে প্রশ্ন তোলা ঔদ্ধত্যমূলক। জোট হলে অবশ্যই আমাদের সে আসন ছেড়ে দেওয়া হবে।”
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে হত্যা ও সহিংসতা বেড়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বিরোধী মতের লোকজন নানাভাবে হুমকির মুখে পড়ছেন বলেও অভিযোগ করেন তিনি।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। প্রধান নির্বাচন কমিশনারকে সতর্ক করে তিনি বলেন, “পূর্ববর্তী সিইসিদের পরিণতি সবাই জানেন। নির্বাচন কমিশন যেন কোনোভাবেই মবের নিয়ন্ত্রণে না পড়ে।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, যেন কোনো দুর্নীতিবাজ প্রার্থীকে সমর্থন না দেওয়া হয়। তিনি বলেন, “দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশকে রক্ষা করতে হবে।”
অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে প্রশ্নের জবাবে মুফতি ফয়জুল করিম বলেন, “বর্তমান পরিস্থিতিতে ভোটার ও প্রার্থী—কেউই নিরাপদ নয়। অবৈধ অস্ত্র উদ্ধার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন নাইস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর সভাপতি মাওলানা সৈয়দ নাসির উদ্দিন কাওছার, মহানগরের নির্বাহী সদস্য মাস্টার আব্দুল হালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
১৫০ আসন নিয়ে গুজব, সম্ভাব্য প্রার্থী যেখানে শক্তিশালী সেখানেই দেওয়া হবে: মুফতি ফয়জুল করিম
Previous ArticleEducation Adviser visits Dipu Chandra Das’s family
Related Posts
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000