ঢাকা | জানুয়ারি ২০২৬
ভূমিকম্পের পর জনগণের নিরাপত্তা নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিচালিত “ভূমিকম্প-পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান” কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত দেশজুড়ে এই কার্যক্রমে ৫৭০টি প্রাথমিক রেসপন্স পাওয়া গেছে। এর মধ্যে অভিজ্ঞ প্রকৌশলী ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত টিম ১০৫টি স্থানে সরেজমিনে পরিদর্শন সম্পন্ন করেছে। পাশাপাশি ১১০টি ভবনের গুরুত্বপূর্ণ তথ্য ও ডাটা সংগ্রহ করা হয়েছে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট ভবনগুলোর বর্তমান কাঠামোগত অবস্থা যাচাই করে ঝুঁকির মাত্রা নির্ধারণ করা হয়। একই সঙ্গে ভবন মালিক ও সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় করণীয় বিষয়ে তাৎক্ষণিক পরামর্শ প্রদান করা হয়েছে, যাতে সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।
এই মানবিক সেবা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ প্রকৌশলী, স্বেচ্ছাসেবক ভাই-বোন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সংগঠনটি জানায়, ইনশাআল্লাহ ভবিষ্যতেও মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।