ঢাকা, ৩ জানুয়ারি ২০২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের দুটি ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যাচাই শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত ‘এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার।
হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা নিয়ে জানতে চাইলে শেখ মো. সাজ্জাত আলী বলেন,
“ভিডিওটি আমরা পেয়েছি এবং সেটি পরীক্ষা-নিরীক্ষা করছি। যাচাই কার্যক্রম শেষ হলে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
ডিএমপি কমিশনার জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচন বর্তমানে পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার (টপ প্রায়োরিটি)। তিনি বলেন,
“জানুয়ারি মাসের ২১ বা ২২ তারিখ থেকে নির্বাচনী প্রচার শুরু হতে পারে। তখনই মূল জটিলতা তৈরির সম্ভাবনা থাকে। আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে চাই। আগামী ৪০ দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা গেলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।”
নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর মাধ্যমে ঝুঁকি মূল্যায়নের পরই গানম্যান দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন প্রার্থীকে গানম্যান দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনারদের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
ঢাকার রাজপথে ঘন ঘন অবরোধ ও জনদুর্ভোগ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন,
“২০২৪ সালের জুলাই আন্দোলনের পর ২০২৫ সালও ছিল উত্তাল। বিভিন্ন দাবিদাওয়ার নামে রাস্তা অবরোধের ফলে সাধারণ মানুষ ও রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা জরুরি।”
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দায়িত্ব পালনের সময় পুলিশের কোনো ভুল থাকলে তা অবশ্যই তুলে ধরতে হবে। পুলিশের সঙ্গে গণমাধ্যমের দৃঢ় ও পেশাদার সেতুবন্ধ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ডিএমপি কমিশনার আরও জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ডিএমপির অফিসার ইনচার্জদের (ওসি) রদবদল করা হয়েছে। এতে কিছু প্রশাসনিক ও কৌশলগত চ্যালেঞ্জ থাকলেও পুলিশ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা নিয়ে দায়িত্ব পালন করছেন। বর্তমানে ঢাকা মহানগরীর অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি।