নিউইয়র্ক | বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এই পদক্ষেপকে কার্যত যুদ্ধের সমতুল্য বলেও আখ্যা দিয়েছেন।
নববর্ষের প্রথম দিনে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেওয়ার পরপরই এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান মামদানি। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনা শুধু আন্তর্জাতিক আইন নয়, যুক্তরাষ্ট্রের দেশীয় আইনও লঙ্ঘন করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি বলেন, ‘নগ্নভাবে অন্য দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা শুধু সেই দেশের জনগণের ওপরই প্রভাব ফেলে না, এর প্রভাব নিউইয়র্কবাসীদের জীবনেও পড়ে।’ তিনি আরও বলেন, বিশেষ করে নিউইয়র্কে বসবাসরত হাজারো ভেনেজুয়েলান অভিবাসী এ ধরনের পদক্ষেপে সরাসরি ক্ষতিগ্রস্ত হন।
মেয়র মামদানির মতে, আন্তর্জাতিক নিয়মনীতি উপেক্ষা করে সামরিক শক্তি প্রয়োগ বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে এবং তা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গেও সাংঘর্ষিক।