ঠাকুরগাঁও, ৩ জানুয়ারি ২০২৬
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–৩ (রাণীশংকৈল–পীরগঞ্জ) আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
- স্বতন্ত্র প্রার্থী মোছা আশা মনিরের মনোনয়ন বাতিল করা হয়েছে।
- জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহ্মদ এর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা জানান, হাফিজ উদ্দিনের দাখিলকৃত কাগজপত্রে কিছু অসঙ্গতি এবং প্রয়োজনীয় তথ্যের ঘাটতি পাওয়ায় তাৎক্ষণিকভাবে তার মনোনয়ন অনুমোদন দেওয়া হয়নি। তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিলে বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে।
স্বতন্ত্র প্রার্থী মোছা আশা মনিরের মনোনয়ন বাতিল হওয়ায় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।
ঠাকুরগাঁও–৩ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন:
- বিএনপির সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
- জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহ্মদ
- জামায়াতে ইসলামীর মিজানুর রহমান
- গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন
- সিপিবির প্রভাত সমীর শাহজাহান আলম
- ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আল আমিন
- বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির কমলা কান্ত রায়
- বাংলাদেশ মুসলিম লীগের এস.এম. খলিলুর রহমান
- বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ
- স্বতন্ত্র প্রার্থী মোছা আশা মনির
হাফিজ উদ্দিন জানান, মনোনয়নপত্র দাখিলের সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের অঙ্গীকারপত্রের মূল কপি না দিয়ে ফটোকপি জমা দেওয়া হয়েছিল। এজন্য তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার নির্দেশ অনুযায়ী, তিনি রোববার (৪ জানুয়ারি) বিকেল ৫টার মধ্যে মূল কপি জমা দিলে তার প্রার্থিতা বৈধ হবে।