বাগেরহাটের মোংলা উপজেলার শরকির খাল লাগোয়া সুন্দরবনে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে একটি রয়্যাল বেঙ্গল টাইগার আটকা পড়েছে। আজ রোববার সকালে বন বিভাগ বিশেষজ্ঞদের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খালপাড়ের বনে বাঘটি ফাঁদে আটকা পড়েছে। শনিবার বিকালের পর এ খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে পাঠানো হয়। তারা গিয়ে বাঘটি ফাঁদে আটক অবস্থায় দেখতে পান এবং খালপাড় এলাকা ঘেরাও করে জনসমাগম বন্ধ করেছেন।
বন বিভাগের পক্ষ থেকে ঢাকার একজন ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে। উদ্ধারের সময় প্রয়োজনে ট্র্যাংকুলাইজার গ্যান ব্যবহার করা হবে। যদি বাঘটি অসুস্থ বা আহত থাকে, তবে তাকে উদ্ধার করে খাঁচায় বন্দি করে খুলনা বা ঢাকায় বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।
এ ঘটনার খবরে স্থানীয়রা সন্ধ্যা থেকে ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেছেন, তবে বন বিভাগ এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।