০৪ জানুয়ারি ২০২৬
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা বাস্তবায়নের প্রতিবাদে পুলিশের সঙ্গে মোবাইল ফোন ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষে রাজধানীর কারওয়ান বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তিসহ একাধিক দাবিতে সকাল থেকে কারওয়ান বাজার এলাকায় কর্মসূচি শুরু করেন মোবাইল ব্যবসায়ীরা। এক পর্যায়ে তারা কারওয়ান বাজার সড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুলিশ অবরোধ তুলে দিতে গেলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরাও পাল্টা পুলিশের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে পুরো এলাকা আতঙ্কে ছেয়ে যায় এবং আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
বর্তমানে কারওয়ান বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।