গাজীপুর জেলার টঙ্গিতে অবস্থিত আর্চারি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ১৬তম “তীর জাতীয় আর্চারি প্রতিযোগিতা”-তে বাংলাদেশ বিমান বাহিনী আর্চারি দল অসাধারণ সাফল্যের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় দলটি ৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক অর্জন করে, যা বাংলাদেশ বিমান বাহিনী আর্চারির ইতিহাসে এক ঐতিহাসিক সাফল্য। গত ২১-২৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ভিডিপি, বিকেএসপিসহ মোট ৭১টি দলের ৩০১ জন আর্চার অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান আরও সুদৃঢ় ও উচ্চ পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ২০১৫ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে আর্চারি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত কঠোর অনুশীলন, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা অনুসরণের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আর্চারি দলের সদস্যগণ আজ দেশের অন্যতম শক্তিশালী ও সুসংগঠিত আর্চারি দলে পরিণত হয়েছেন। এই অর্জন বাংলাদেশ বিমান বাহিনীর ক্রীড়া ক্ষেত্রে ধারাবাহিক অগ্রযাত্রার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।