২১ ফেব্রুয়ারি ২০২৬
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকমনডজোর অভিযোগ করেছে, জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ রুশ সরকারি কর্মকর্তা ও সামরিক বাহিনীর ব্যক্তিগত তথ্য চুরি করছে। দেশটি অ্যাপটির সম্পূর্ণ নিষিদ্ধের হুঁশিয়ারি দিয়েছে।
ফেডারেশন কাউন্সিলের সাংবিধানিক আইন কমিটির প্রধান আন্দ্রেই ক্লিশাস স্পুটনিক রেডিওকে বলেছেন, টেলিগ্রাম রাশিয়ার আইনি অনুরোধ অমান্য করলে অ্যাপটি সম্পূর্ণ ব্লক বা নিষিদ্ধ করা হতে পারে। রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, টেলিগ্রামের ‘বট’ ব্যবহার করে নাগরিকদের ডিজিটাল প্রোফাইল তৈরি করা হচ্ছে, যার মধ্যে নাম, জন্ম তারিখ, ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহ করা হচ্ছে।
ডিজিটাল উন্নয়নমন্ত্রী মাকসুত শাদায়েভ জানান, টেলিগ্রাম শিশু পর্নোগ্রাফি এবং মাদক বিষয়ক ১ লাখ ৫০ হাজারের বেশি কন্টেন্ট সরানোর অনুরোধ উপেক্ষা করেছে। এই কারণে বুধবার থেকে রাশিয়ায় অ্যাপটির গতি কমিয়ে দেওয়া হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নাগরিকদের রাষ্ট্রীয়ভাবে তৈরি ন্যাশনাল মেসেঞ্জার ‘ম্যাক্স’ ব্যবহারের আহ্বান জানিয়েছেন। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরোভ এই বিধিনিষেধকে ব্যবহারকারীদের রাষ্ট্রীয় নজরদারিতে ঠেলার চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। মেটা কর্তৃপক্ষও এ পদক্ষেপকে রাজনৈতিক সেন্সরশিপ হিসেবে অভিহিত করেছে।