২১ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে শুক্রবার রাতে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন বিএনপি ও অঙ্গসংগঠনের এবং বাকিরা জামায়াত ও ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত।
ঘটনা ঘটেছে বড়উঠান ইউনিয়নের ফাজিলখাঁর হাট এলাকায়। আহত ব্যক্তিরা হলেন—শাহেদুল আলম, মো. ইমন, মো. মনজুর, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ এনাম, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ সালাহউদ্দিন এবং মোহাম্মদ আবির। শাহেদুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সালাহউদ্দিন নামে একজন জামায়াতকর্মীর দোকানে চা খেতে গেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক আলোচনা গিয়ে কথাকাটাকাটিতে হাতাহাতিতে পরিণত হয়। পরে উভয়পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে জড়ো হলে সংঘর্ষ বাধে।
জামায়াতের কর্ণফুলী উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. আলমগীর অভিযোগ করেছেন, ‘নির্বাচনের আগে আমাদের নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছিল এবং ধারাবাহিকতায় তাদের ওপর হামলা চালানো হয়েছে।’ উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম বলেন, ‘মূলত নির্বাচনের বিরোধের কারণে হামলার ঘটনা ঘটেছে।’
কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসপি) মো. জামাল উদ্দীন চৌধুরী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।