প্রকাশ , ০১ এপ্রিল ২০২৬
ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিবারের নারী প্রধানদের হাতে দেওয়ার মাধ্যমে পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ এবং ক্ষমতায়ন বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদে বিএনপি সদস্য এ বি এম মোশাররফ হোসেনের (পটুয়াখালী-৪) প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড পরিবারের নারী প্রধানকে প্রদান করা হবে। এর ফলে পরিবারে খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা এবং শিক্ষাসহ বিভিন্ন ব্যয় সরাসরি সুষ্ঠুভাবে পরিচালিত হবে। এছাড়া কার্ডটি নারী প্রধানের নামে হওয়ায় পরিবারের সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা ও মর্যাদা বৃদ্ধি পাবে এবং পরিবার ও সমাজে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে।
প্রধানমন্ত্রী আরও জানান, গত ১০ মার্চ দেশের ১৩টি জেলার ৩টি করপোরেশন/ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৩৭,৮১৪টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে। চলতি অর্থ বছরের বাকি তিন মাসে আরো ৩০ হাজার পরিবারকে কর্মসূচির আওতায় আনা হবে। আগামী চার বছরের মধ্যে চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই প্রথমবার সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।