প্রকাশ , ০১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের সামগ্রিক অগ্রগতি বিশ্বব্যাংকের মূল্যায়নে ‘মাঝারি মানের সন্তোষজনক’ হিসেবে ধরা হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) বিশ্বব্যাংকের প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে হিট প্রকল্পের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামান। এসময় ইউজিসির সদস্য ও হিট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টি এম আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে হিট প্রকল্পটি ‘প্রবলেম প্রজেক্ট’ হিসেবে বিবেচিত হলেও ২০২৪ সালের আগস্টের পর ইউজিসির কার্যকর উদ্যোগের ফলে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে। হিট প্রকল্পের ইমপ্লিমেন্টেশন স্টাটাস অ্যান্ড রেজাল্টস রিপোর্ট ২০২৫ অনুযায়ী সামগ্রিক অগ্রগতি ‘মাঝারি মানের সন্তোষজনক’ হিসেবে মূল্যায়ন করা হয়েছে।
তিনি আরও জানান, হিট প্রকল্প বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে বিশ্বব্যাংকের একটি ‘ফ্রন্টলাইন ইনভেস্টমেন্ট’, যা দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী এপ্রিল মাসে প্রকল্পের ‘মিড-টার্ম রিভিউ’ শুরু হবে।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর সফল বাস্তবায়নের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান কাঠামোগত সমস্যার সমাধান সম্ভব হবে। তিনি নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম ইতিবাচক পরিবর্তন আনতে শুরু করেছে উল্লেখ করে স্থায়ী করার জন্য বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধিরা জানান, আগামী দুই বছরে হিট প্রকল্পের মাধ্যমে গবেষণা কার্যক্রম জোরদার, শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ এবং আধুনিক ক্যাম্পাস উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্পের মোট ব্যয় ৪,০১৬ কোটি ৫৭ লাখ টাকা, যার ৫০.৯৬ শতাংশ অর্থায়ন করবে বাংলাদেশ সরকার এবং বাকি ৪৯.৪ শতাংশ অর্থ দেবে বিশ্বব্যাংক।