অর্থনৈতিক , ০১ এপ্রিল ২০২৬
ভঙ্গুর অর্থনীতি, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের চাপ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবের কারণে আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ইতিমধ্যেই চাপে রয়েছে। সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের বাধ্যবাধকতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বাজেট প্রণয়নের ওপর চাপ বাড়িয়েছে।
অর্থমন্ত্রী জানান, সরকার এমন বাজেট প্রণয়ন করতে চায় যেখানে রাজস্ব আহরণ বাড়বে, একই সঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে না। তিনি প্রথমবারের মতো এনবিআর-এ গিয়ে বাজেট প্রস্তুতি ও দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিকে লক্ষ্য করে বাজেট তৈরি করা হবে। সরকারের উদ্দেশ্য হলো ইশতেহারের অনুযায়ী উন্নয়ন কাজের জন্য পর্যাপ্ত সম্পদ জোগান নিশ্চিত করা। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি আমদানিতে বাড়তি ব্যয় এবং অন্যান্য অতিরিক্ত খরচ বাজেটকে আরও কঠিন করেছে।
অর্থমন্ত্রী উল্লেখ করেন, সরকার নতুন করে টাকা ছাপাতে চায় না এবং ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে যেতে চায়।