চৌহালী (সিরাজগঞ্জ), ০২ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের চৌহালীতে প্রবল ঝড়ের পর ছেঁড়া পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৪) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে।
নিহত মোহাম্মদ আলী খাষপুকুরিয়া ইউনিয়নের বৈন্যা পশ্চিমপাড়া গ্রামের জাকির হোসেন প্রিন্সের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ঝড়ের কারণে ২২০ ভোল্টের একটি পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়।
পরবর্তীতে আজ (২ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়, কিন্তু ছেঁড়া তার মেরামত করা হয়নি। এ সময় বাড়ির পাশের রাস্তায় খেলাধুলা করা অবস্থায় শিশুটি তার সংস্পর্শে এলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পল্লী বিদ্যুতের অবহেলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ কেন্দ্র ঘেরাও করেছে। তবে অফিস তালাবদ্ধ থাকায় কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি।
পল্লী বিদ্যুতের চৌহালী অভিযোগ কেন্দ্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
নাগরপুর জোনাল অফিসের ডিজিএম সিদ্দিকুর রহমান জানান, লাইনম্যানের অবস্থা বর্তমানে বার্ন ইউনিটে খারাপ, এবং ঘটনার কারণ ও দায়িত্ব নির্ধারণের জন্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।