ঢাকা, ০২ এপ্রিল ২০২৬
রাজধানী ঢাকার দুই সিটিতে ভূমিকম্পের জন্য ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ভূমিকম্প সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা কারিকুলামে বিষয়টি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণও দেওয়া হবে যাতে তারা শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতিতে সঠিকভাবে প্রস্তুত করতে পারেন।
তিনি জানান, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থা থেকে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এটি জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে।