সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর দরবার ঢাকা সেনানিবাস্থ সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাঁকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার অভ্যর্থনা জানান।
দরবারের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী দেশের নিরাপত্তা রক্ষায় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সশস্ত্র বাহিনীর সদস্যদের গুরুত্বর্পূণ অবদানের প্রশংসা করেন। বিশেষ করে, ২০২৪ সাল এর আগস্ট পরবর্তী সময় থেকে অদ্যবধি দীর্ঘ সময় ধরে ধৈর্য, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় উন্নয়নে কার্যকরী ভূমিকা পালনের লক্ষ্যে আধুনিক ও দক্ষ সশস্ত্র বাহিনী গঠনে বর্তমান সরকার কর্তৃক সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সকল সদস্যবৃন্দকে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এছাড়া, দরবারে উপস্থিত সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ তাদের পেশাগত বিষয়াবলি, অর্জিত অভিজ্ঞতা ও গঠনমূলক প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যথাযথ মর্যাদার সাথে উপস্থাপন করেন। তিনি মনোযোগ সহকারে তা শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়সমূহ দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত দরবারে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও, দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে জাতিসংঘের কন্টিনজেন্ট মিশনে অবস্থানরত সশস্ত্র বাহিনীর সদস্যগণ ভিডিও টেলিকনফারেন্স এর মাধ্যমে উক্ত দরবারে অংশগ্রহণ করেন।