আর্টেমিস-২ মিশনের সফল সমাপ্তি; অ্যাপোলো-১৩-এর দূরত্বের রেকর্ড ভাঙল ‘ওরিয়ন’ মহাকাশযান
ক্যালিফোর্নিয়া / যুক্তরাষ্ট্র
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-এর আর্টেমিস-২ চন্দ্রাভিযান শেষে চার নভোচারী সফলভাবে পৃথিবীতে ফিরেছেন। তাদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযান ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টা ৭ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শুক্রবার রাত ৮টা ৭ মিনিট) ‘ওরিয়ন’ মহাকাশযানটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের আগে ক্রু সদস্যরা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেন।
নিরাপদ অবতরণ নিশ্চিত করতে উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ও ডুবুরিরা অংশ নেয়। নভোচারীদের উদ্ধার করে নৌবাহিনীর জাহাজে নেওয়া হবে এবং স্বাস্থ্য পরীক্ষার পর তারা হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে ফিরে যাবেন।
১০ দিনের এই চন্দ্রাভিযান গত ১ এপ্রিল শুরু হয়। এতে অংশ নেন রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরেমি হ্যানসেন।
চাঁদের দূরবর্তী অংশে অবস্থানের সময় পৃথিবী থেকে তাদের সর্বোচ্চ দূরত্ব ছিল ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল। এর মাধ্যমে তারা Apollo 13 মিশনের ১৯৭০ সালের রেকর্ড (২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল) অতিক্রম করেছে।
এই সফল মিশন ভবিষ্যতে মানববাহী চন্দ্রাভিযান এবং গভীর মহাকাশ অনুসন্ধানে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: এএফপি