খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে। যারা জনরায়কে অগ্রাহ্য করে, তাদের পরিণতি ইতিহাস বারবার দেখিয়েছে। অতীত থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতেও সেই ভুলের মাশুল দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা বিএনপিকে বলছি দেশ ও জাতির স্বার্থে আপনারা ভুল পথে এগোচ্ছেন। ভুল সংশোধন করে জনগণের কাতারে ফিরে আসুন। জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক শক্তি দীর্ঘদিন টিকে থাকতে পারে না।
তিনি আরও বলেন, অনেক সময় ক্ষমতাসীনদের কানে জনগণের কথা পৌঁছায় না। সংসদে যদি জনগণের দাবি ও ন্যায়বিচারের সমাধান না হয়, তাহলে দেশের মাঠ-ঘাট, জনপদ ও জনসমাবেশ থেকেই জনগণ তাদের শক্তির প্রকাশ ঘটাবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও বগুড়াসহ সারাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে।
মামুনুল হক বলেন, আমরা কোনো ধরনের আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। সরকার যদি দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বিদেশি প্রভাবের কাছে নতি স্বীকার করে, তবে জনগণ তা মেনে নেবে না। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের মর্যাদা ও স্বার্থ রক্ষার প্রশ্নে জনগণ সর্বদা সচেতন ও প্রস্তুত।