খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশে ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম ও বিতর্ক ছিল। আমাদের বিশ্বাস, জনগণের সমর্থন থাকা সত্ত্বেও অনেক জনপ্রিয় ও যোগ্য প্রার্থী সংসদে যাওয়ার সুযোগ পাননি। সুতরাং আমরা সেইসব অনিয়ম ও বিতর্কিত প্রক্রিয়ার সমালোচনা করি এবং জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন নিশ্চিত করার দাবি জানাই।
তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সেই রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের সিদ্ধান্তকে সম্মান করা। তাই জনগণের মতামতকে উপেক্ষা করার সুযোগ কারও নেই।
তিনি আরও বলেন, খুলনা অঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে হিন্দু, মুসলমান এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করে আসছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের শক্তি তার বহুত্ববাদী ঐতিহ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সম্প্রীতির মধ্যে নিহিত। ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করার যেকোনো প্রচেষ্টা জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর।