ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার গতকাল এবিসি নিউজ-এর ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরান যে শর্তগুলো দিয়েছে তা স্পষ্ট করে যে ইরান বর্তমানে একটি সুবিধাজনক বা শক্তিশালী অবস্থানে আছে এবং তারা মনে করছে যে এই যুদ্ধে তারাই জিতছে।
তিনি ইরানের দেওয়া শর্তগুলোকে যেমন মধ্যপ্রাচ্য থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং সমস্ত নিষেধাজ্ঞা ও অবরোধ তুলে নেওয়ার দাবিকে একেবারেই ‘হাস্যকর’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।
এসপারের মতে, ট্রাম্প প্রশাসন ক্রমাগত বড় ধরনের হামলার হুমকি দিয়েও তা থেকে পিছিয়ে আসায় ইরান এখন আর এই হুমকিগুলোকে তোয়াক্কা করছে না। ফলে তারা আরও সাহসী হয়ে উঠেছে।
তিনি মার্কিন সামরিক বাহিনীর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন উন্নত যুদ্ধাস্ত্রের ঘাটতির গুরুতর পরিস্থিতি তুলে ধরে জানান, একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতে প্রায় দুই বছর সময় লাগে। ফলে বর্তমান জরুরি পরিস্থিতিতে এই ঘাটতি দ্রুত কাটিয়ে ওঠা কঠিন, যা যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্পগুলোকে সীমিত করে দিচ্ছে।