জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের ঘোষণা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি হওয়ার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা, বিশ্লেষণ ও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বিভিন্ন দলকে। এতে করে জুলাই সনদ ও গণভোট ইস্যুতে তৈরি হওয়া রাজনৈতিক সংকট কতটা নিরসন হলো তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
জুলাই জাতীয় সনদ যা মূলত সংবিধান সংস্কারের একটি কাঠামো তার বাস্তবায়ন আদেশে এখনও “অস্পষ্টতা” রয়েছে বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের দাবি, সনদের বিভিন্ন দিক নিয়ে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় বাস্তবায়ন নিয়ে সংশয় কাটেনি।
একই ধরনের অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাও। তাদের অভিযোগ, সংস্কার কমিশনের সুপারিশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে বা সংশোধন করে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত ভাষণ দেওয়া হয়েছে। এতে সনদের মূল চরিত্র আংশিকভাবে পরিবর্তিত হয়েছে বলেও মনে করছে দলটি।
অন্যদিকে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে সমালোচনা করলেও জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে “সঠিক পদক্ষেপ” হিসেবে আখ্যায়িত করেছে এবং এ জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে। তবে গণভোটের প্রশ্নমালা তৈরির পদ্ধতি নিয়ে আপত্তি তুলেছে তারা।
সব মিলিয়ে প্রশ্ন উঠেছে জুলাই সনদ, গণভোট এবং নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে যে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কতটা প্রশমিত হলো?
রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থানে থাকলেও রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছেন, বর্তমান বাস্তবতায় সরকারের সিদ্ধান্তই হতে পারে “সর্বোত্তম সমাধান”।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ ডেইলি ক্রাইসিস বিডি নিউজ কে বলেন,
“রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় যা হয়েছে, সেটা পরিস্থিতিকে স্থিতিশীল করার জন্য প্রয়োজনীয়ই বলা যায়। সব পক্ষ যদি কেবল অপেক্ষায় থাকে বা সিদ্ধান্তহীনতায় থাকে, তাহলে বড় ধরনের অনিশ্চয়তা সামনে আসতে পারে।”
তবে তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন প্রক্রিয়াকে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করা জরুরি, যাতে জনগণ এই প্রক্রিয়ার প্রতি আস্থা রাখতে পারে।
সংকট পুরোপুরি কাটেনি, তবে সিদ্ধান্তগুলো রাজনৈতিক প্রক্রিয়াকে একটি “স্পষ্ট পথে” ফিরিয়ে আনার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে। এখন মূল পরীক্ষা হবে বাস্তবায়ন এবং গণভোট কতটা স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হয়।