ভারতের বিহারে দু’দফা ভোটগ্রহণের পর প্রকাশিত এক্সিট পোলের ইঙ্গিতই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিতে চলেছে। শুক্রবার সকাল থেকে ভোট গণনা শুরুর পর থেকেই কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট রাজ্যে বড় ধরনের অগ্রগতি অর্জন করছে।
সন্ধ্যা পর্যন্ত পাওয়া সর্বশেষ গণনা-ধারায় দেখা যায়, এনডিএ জোট বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। বিবিসি হিন্দির তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে এনডিএ এগিয়ে আছে ২০১টি আসনে। বিপরীতে রাজ্যের প্রধান বিরোধী জোট—রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), কংগ্রেস ও বাম দলগুলোর সমন্বয়ে গঠিত ‘মহাজোট’ এগিয়ে আছে মাত্র ৩৬টি আসনে। অন্যান্য প্রার্থীরা এগিয়ে আছেন ৬টি আসনে। মোট ২৪৩ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২টি আসন।
জোটের প্রধান দলগুলোর মধ্যে নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড (জেডিইউ) ও বিজেপি শুরু থেকেই ভালো অবস্থান ধরে রেখেছে। তবে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবার নির্বাচনে অংশ নেননি। তিনি ২০০৬ সাল থেকে বিহার বিধান পরিষদের সদস্য, যেখানে প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয় না।
এদিকে এবারের নির্বাচনে নজর কেড়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সম্রাট চৌধুরি। প্রথমবার প্রার্থী হলেও শুরু থেকেই তিনি সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন।
বিরোধী শিবিরের ‘মুখ্যমন্ত্রী পদপ্রার্থী’ হিসেবে প্রচারে থাকা আরজেডি নেতা তেজস্বী যাদব নিজের আসনে ওঠানামার মধ্যে রয়েছেন—কখনো এগিয়ে, আবার কখনো সামান্য পিছিয়ে পড়েছেন।
ভোটের চূড়ান্ত ফল এখনও ঘোষণা হয়নি, তবে গণনার বর্তমান প্রবণতা ইঙ্গিত দিচ্ছে যে বিহারে আবারও এনডিএ-র সরকার গঠনের সম্ভাবনা দৃঢ় হচ্ছে। অন্যদিকে মহাজোটের বড় ধরনের ব্যর্থতা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছে।