ইসরায়েলের অতি-কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী গাজা শান্তি পরিষদের প্রস্তাবিত খসড়া চুক্তিকে সরাসরি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। এই চুক্তির তীব্র বিরোধিতা করে দাবি করেন যে, এটি ইসরায়েলের স্বার্থবিরোধী।
বেন-গুইর স্পষ্ট জানিয়েছেন, হামাস নেতাদের লক্ষ্য করে চালানো গুপ্তহত্যা কোনভাবেই বন্ধ করা যাবে না। তার মতে এটি বন্ধ করার অর্থ হলো হামাসকে পরবর্তী হামলার জন্য পুনর্গঠিত হওয়ার সুযোগ করে দেওয়া।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গঠিত এই শান্তি পরিষদের খসড়া চুক্তিতে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং আসন্ন অক্টোবরের নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন যে, নেতানিয়াহু নিজের রাজনৈতিক দুর্বলতার কারণে যুদ্ধ জয়ের লক্ষ্য অর্জন না করেই শান্তি পরিষদের এই খসড়া চুক্তির কাছে আত্মসমর্পণ করছেন।
তার মতে, বিপুল ক্ষয়ক্ষতি, সৈন্যদের প্রাণহানি এবং আহত হওয়ার পরও নেতানিয়াহু ক্ষমতার শক্ত অবস্থান থেকে যুদ্ধ শেষ করতে পারেননি। বরং তিনি নিজের রাজনৈতিক দুর্বলতা ঢাকার জন্য এই চুক্তির শর্তগুলো মেনে নিচ্ছেন।
আইজেনকট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসরায়েলের নাগরিকরা এই ভাগ্যনির্ধারণী চুক্তি সম্পর্কে দেশের সরকারের কাছ থেকে নয় বরং বিদেশি সংবাদমাধ্যম থেকে জানতে পারছে। এটি নেতানিয়াহুর দেওয়া যুদ্ধ জয়ের প্রতিশ্রুতি এবং বাস্তবতার মধ্যকার চরম ব্যবধানকে উন্মোচিত করে।