সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচন কমিশনকে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
সেনাপ্রধান বলেন, “দেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছে। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে সরকার ও নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যাতে দেশের মানুষ একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন পায়। আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”
এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও আদর্শকে স্মরণ করে আরও বলেন, “মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে, মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।”
অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ভূমিকা ও অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরের বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক প্রদান করেন সেনাপ্রধান।