লোহাগাড়া (নড়াইল), ২০ ডিসেম্বর: নড়াইলের লোহাগাড়া উপজেলায় ছাত্রলীগের দুই নেতার ছুরিকাঘাতে শহীদ জুলাই যোদ্ধার ভাই মুহিবুল হক আহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বটতলী মোটর স্টেশন এলাকার আইস পার্কের সামনে এ ঘটনা ঘটে।
আহত মুহিবুল হক লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের নুরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুহিবুল হক ও তার কয়েকজন বন্ধু ওই এলাকায় অবস্থানকালে ছাত্রলীগ নেতা জিহাব ও মিনহাজকে সেখানে দেখতে পান এবং দাঁড়াতে বলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছাত্রলীগের ওই দুই নেতা মুহিবুল হককে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা আহত অবস্থায় মুহিবুল হককে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক জানান, তার কোমরের নিচে পেছনের দিকে ছুরিকাঘাত করা হয়েছে। সেখানে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন—লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মুহাম্মদ জিহাব এবং সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মিনহাজ।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।