ঢাকা, ২১ ডিসেম্বর: বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান রোববার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, শহীদ হাদির খুনিরা যদি পার পেয়ে যায়, তাহলে দেশে কারও জীবনই নিরাপদ থাকবে না।
ডা. শফিকুর রহমান দ্রুত সব ধরনের সন্দেহ ও সংশয়ের ঊর্ধ্বে উঠে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, হাদিরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সংস্কৃতির পক্ষে ছিলেন। তাদের শত্রুরা প্রকৃত অর্থে দেশের শত্রু।
জামায়াত আমির উল্লেখ করেন, হাদিরা বিপ্লবের আদর্শের নাম এবং তাদের হত্যা করা গেলেও চেতনা হত্যা করা যাবে না। হাদির জনপ্রিয়তা হয়তো কিছু কেউ সহ্য করতে পারেনি। তিনি আগামী ফেব্রুয়ারির আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণে আশাবাদ ব্যক্ত করেন।
জিয়ারত ও সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন জামায়াত ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।