ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোকবই উন্মোচন করেছে। শোকবইটি রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
শোকবই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভসহ আরও অনেক নেতা ও সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে নাছির উদ্দীন নাছির বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকলিপি লিখে কর্মসূচি উদ্বোধন করেন। পরে গণেশ চন্দ্র রায় সাহস ও নাহিদুজ্জামান শিপন শোকবইতে স্বাক্ষর করেন।
নাছির উদ্দীন নাছির বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পাশাপাশি বেগম খালেদা জিয়া বাংলাদেশের শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের শিক্ষা ও অগ্রগতিতে তিনি একটি অনন্য উদাহরণ স্থাপন করেছেন। সাধারণ শিক্ষার্থীরা যেন তাদের ভাবনা ও অনুভূতি শোকবইয়ে লিপিবদ্ধ করতে পারেন—এটাই আমাদের লক্ষ্য।”
শোকবইটি আগামী ৫ ও ৬ জানুয়ারি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।