এনবিআর চেয়ারম্যানের ঘোষণায় ডিজিটাল ভ্যাট রিফান্ড প্রক্রিয়া উদ্বোধন
ঢাকা, বাংলাদেশ — ৭ জানুয়ারি ২০২৬
আগামী অর্থবছর থেকে ভ্যাট রিটার্ন অনলাইনে বাধ্যতামূলক করা হবে। এ ঘোষণা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি আরও জানিয়েছেন, অনলাইন ভ্যাট রিফান্ড ব্যবস্থা চালু হওয়ার ফলে করদাতারা সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় রিফান্ড পাবেন।
রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, আয়কর আইনে টেক্স রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক হলেও ভ্যাট আইনে এটি করা হয়নি। আগামী বাজেটে এই বাধ্যবাধকতা ভ্যাট আইনের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে ঢাকাস্থ তিনটি ভ্যাট কমিশনারেটের তিনজন করদাতার ব্যাংক একাউন্টে সরাসরি ৪৫ লক্ষ ৩৫ হাজার টাকা ভ্যাট ফেরত প্রদান করে অনলাইন ভ্যাট রিফান্ড প্রক্রিয়া উদ্বোধন করা হয়।
তিনি আরও বলেন, যারা কাগজে ভ্যাট রিটার্ন দাখিল করেছেন, তাদেরকে আগামী মার্চের মধ্যে সেগুলো ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি করতে হবে। মার্চের পর থেকে সবাই অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন জমা দিতে পারবেন। এনবিআর সব ধরনের সেবা ডিজিটাল করার জন্য কাজ করছে।
অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলের মাধ্যমে করদাতারা আর ভ্যাট কার্যালয়ে উপস্থিত না হয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। রিফান্ড আবেদন প্রক্রিয়াকরণের পর প্রাপ্য অর্থ স্বয়ংক্রিয়ভাবে করদাতার ব্যাংক একাউন্টে স্থানান্তরিত হবে। এনবিআর করদাতাদের প্রয়োজনীয় তথ্য এবং সহযোগিতার জন্য সংশ্লিষ্ট মুসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।