সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সংস্কারের ওপর জোর ড. বদিউল আলম মজুমদারের
পলাশবাড়ী (গাইবান্ধা), বাংলাদেশ — ১৭ জানুয়ারি ২০২৬
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের নির্বাচনি অঙ্গন ও রাজনৈতিক দলগুলো ব্যাপকভাবে কলুষিত হয়ে গেছে। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সংস্কার এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গাইবান্ধার পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে সুধীজনের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ড. বদিউল আলম মজুমদার বলেন, এখনো দেশের বেশির ভাগ নির্বাচনি প্রার্থী কালোটাকার মালিক এবং পেশিশক্তিনির্ভর রাজনীতিতে বিশ্বাসী। এর ফলে নির্বাচনি পরিবেশ নষ্ট হচ্ছে এবং জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হচ্ছে।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার সময় নির্বাচন কমিশনের সদস্যরা কার্যত আওয়ামী লীগের কর্মীর মতো আচরণ করেছেন। তাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রথম ও প্রধান কাজ হওয়া উচিত নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান প্রণয়ন করা হয়েছিল, যার ফলে প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী হন। সেই পুরোনো পথ ধরেই শেখ হাসিনা দানবে পরিণত হতে পেরেছেন।
ড. বদিউল আলম মজুমদার অভিযোগ করেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে প্রতিশোধপরায়ণ রাজনীতির মাধ্যমে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯১ সালের নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুজনের ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, জেলা ফেসিলিটেটর আতিক সুমন, ম্যানেজার মেহেরুন নেসা, পলাশবাড়ী উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক কৃষক জাহিদুল ইসলাম, সদস্য আলিউল ইসলাম বাদল, আব্দুল্লাহ আদিল নান্নুসহ সুজনের স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজনেরা।