দাভোস, সুইজারল্যান্ড — ২২ জানুয়ারি ২০২৬
আগামী কয়েক সপ্তাহের মধ্যে হামাস যদি নিরস্ত্র না হয়, তাহলে সংগঠনটিকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এ হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেন—হামাস তাদের অস্ত্র ত্যাগ করতে রাজি হয়েছে।
তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রকাশ্যে এখন পর্যন্ত অস্ত্র সমর্পণের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “হামাসের জন্য অস্ত্র ত্যাগ করা সহজ নয়। কিন্তু তারা এতে রাজি হয়েছে। আগামী দুই-তিন দিন, সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যেই আমরা বিষয়টি পরিষ্কারভাবে জানতে পারব।”
ট্রাম্প আরও দাবি করেন, গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনে ৫৯টি দেশ আগ্রহ প্রকাশ করেছে। এই বাহিনীর মূল লক্ষ্য হবে হামাসকে নির্মূল করা। তবে বাস্তবতায় অনেক দেশই সেখানে সেনা পাঠাতে অনাগ্রহী। ইতোমধ্যে আজারবাইজান এই বাহিনীতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজাকে ধীরে ধীরে নিরস্ত্রীকরণ, প্রযুক্তিনির্ভর প্রশাসন প্রতিষ্ঠা এবং পুনর্গঠনের পথে এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। যদিও আন্তর্জাতিক বাহিনীর ভূমিকা বাস্তবে সীমিত হয়ে সীমান্ত নিরাপত্তা ও মানবিক সহায়তার মধ্যেই আবদ্ধ থাকতে পারে।
এদিকে গাজার প্রশাসনে তুরস্ক ও কাতারের প্রতিনিধিত্ব রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে বলেছেন, তুরস্ক বা কাতারের কোনো বাহিনী গাজায় প্রবেশ করতে পারবে না।